
দুর্গাপূজায় চট্টগ্রামের উত্তর কাট্টলীর তালুকদারবাড়ি বাণীমন্দিরের ব্যতিক্রমী ‘রিপু রজনী’ থিমের মণ্ডপে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরি। মহানবমীতে তিনি মণ্ডপটি পরিদর্শন করেন। চেনা ছকের বাইরে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমার বিশেষ সাজের কারণে পূজার আগে থেকেই মণ্ডপটি আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এর নানা ছবি ও ভিডিও।
মণ্ডপ পরিদর্শনের সময় পূজার পরনে ছিল জরি ও সুতার নকশা করা কালো শাড়ি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে কখনো তাঁকে ‘রিপু রজনী’ মণ্ডপে প্রণাম করতে, আবার কখনো অন্য একটি মণ্ডপে দেবী দুর্গার আরাধনা করতে দেখা যায়। ছবির সঙ্গে নবমীর তাৎপর্য তুলে ধরে একটি বার্তাও দেন অভিনেত্রী।
পূজা চেরি লেখেন, অন্যায়ের সামনে নীরবতা, নারীর অসম্মানে উদাসীনতা এবং দুর্বলের কষ্টে নির্বিকারতা থাকলে দেবী আরাধনা পূর্ণতা পায় না। তাঁর ভাষ্য, সত্যিকারের পূজা তখনই পূর্ণ হয়, যখন অসুরবধ কেবল পৌরাণিক কাহিনি না থেকে মানুষের বিবেকের প্রতিদিনের সংকল্প হয়ে ওঠে। অভিনেত্রী নবমীর শুভেচ্ছা জানালেও প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিজয়া দশমী বা প্রতিমা বিসর্জন নিয়ে তাঁকে আলাদা কোনো বার্তা দিতে দেখা যায়নি।