October 21, 2026, 2:58 pm

পছন্দের আংটি না পেয়ে ইতালিতে প্রস্তাব দেননি বিজয়

অভয়নগর প্রতিবেদক

 

দক্ষিণী সিনেমার তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ের পর প্রথমবার একসঙ্গে হাজির হয়েছেন করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে। অনুষ্ঠানে বিজয় জানান, ইতালিতে বেড়াতে গিয়ে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। তবে মনের মতো আংটি খুঁজে না পাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

অনুষ্ঠানে সঞ্চালক করণ জোহর বিয়ের প্রস্তাব নিয়ে প্রশ্ন করলে রাশমিকা জানান, বিজয় তাঁকে কোনো প্রস্তাব দেননি। এরপর বিজয় বলেন, রাশমিকা এক বছর ধরে তাঁকে প্রায় ১০০ বার বিয়ের কথা বলেছিলেন। রাশমিকা হাসিমুখে বিষয়টি স্বীকার করেন। বিজয় জানান, সাধারণত তিনি সিনেমার মতো রোমান্টিক মুহূর্তের পরিকল্পনা করেন না। তবে রাশমিকার জীবনের বিশেষ মুহূর্তটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তিনি।

দীর্ঘদিনের জল্পনার পর গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বিয়ে করেন এই তারকা জুটি। বিজয়ের ভাষ্য অনুযায়ী, সেখানে বিয়ের প্রথম দিন সংগীত অনুষ্ঠান শেষে বন্ধুদের উপস্থিতিতে হাঁটু গেড়ে বসে রাশমিকাকে প্রস্তাব দেন তিনি। ২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। এবার টক শোতে তাঁদের ব্যক্তিগত জীবনের নানা ঘটনা প্রকাশ্যে আসায় ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



ফেসবুক কর্নার