October 23, 2026, 2:49 pm
শিরোনাম :

প্রধানমন্ত্রীর সফর নিয়ে স্নাইপার মন্তব্য, যুবক কারাগারে

অভয়নগর প্রতিবেদক

 

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ফেসবুকে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ঘটনায় গ্রেপ্তার আবু বকর সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৩ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, ঘটনার সঙ্গে জড়িত অন্য অজ্ঞাত ব্যক্তিদের শনাক্ত করতে আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামিনে মুক্ত হয়ে আলামত নষ্ট বা আত্মগোপনের আশঙ্কা থাকায় তাঁকে কারাগারে রাখার আবেদন জানানো হয়। মামলা সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ডিবি পুলিশের সাইবার ও বিশেষ অপরাধ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের সময় ‘THE BEAUTY OF RAJSHAHI’ ফেসবুক গ্রুপে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসের ছবির নিচে ‘MD Abu Bokor Siddique’ নামের আইডি থেকে স্নাইপারসংক্রান্ত মন্তব্যটি দেখতে পায়।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ ও রাজশাহী মহানগর পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২১ অক্টোবর বিকেল ৫টার দিকে রাজশাহীর পবা থানার ঘোল হাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি বাসা থেকে আবু বকর সিদ্দিক ও তাঁর বাবা মো. আয়নাল হককে আটক করে। এ সময় সিদ্দিকের কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের ফেসবুক আইডি থেকে মন্তব্যটি করার কথা স্বীকার করেন বলে মামলার সূত্রে জানা গেছে। তাঁর বাবাকে প্রাথমিক যাচাই শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।



ফেসবুক কর্নার