October 24, 2026, 12:20 pm

দ্রব্যমূল্যে চাপে মধ্যবিত্ত, ডিম খাওয়া কমেছে অর্ধেকের বেশি: নাহিদ

অভয়নগর প্রতিবেদক

 

জ্বালানি তেল, এলপিজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ কষ্টে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে দলটির প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নিত্যপণ্যের দাম মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অনেকেই এক বা দুই ধরনের সবজির বেশি কিনতে পারছেন না। এমনকি মধ্যবিত্ত পরিবারে ডিম খাওয়ার পরিমাণও অর্ধেকের বেশি কমেছে বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, চাঁদাবাজি, দখলদারত্ব, সন্ত্রাস ও সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি। এ কর্মসূচির প্রচারে সপ্তাহজুড়ে লিফলেট বিতরণ করা হবে। একই সঙ্গে দেশের পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের পদত্যাগ দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিল এবং এখনো আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতার মাধ্যমে দেশ পরিচালনা করছে। তিনি সরকারের সংস্কার কার্যক্রম ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন। অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ৩০ অক্টোবর বেলা ৩টায় শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দেন। পরে নাহিদ ইসলামসহ দলের নেতারা কারওয়ান বাজারের বিভিন্ন স্থানে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন।



ফেসবুক কর্নার