
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আইজিপি জানান, চাঁদাবাজির বিরুদ্ধে মামলা ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আইনি কাঠামো তৈরির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।
আইজিপি বলেন, গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সেই জনআস্থা পুনরুদ্ধার করে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে চায় পুলিশ। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। এসব অপরাধ নির্মূলে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আইনি কাঠামোর মধ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ও সাক্ষ্য দিতে অনেকেই ভয় পান উল্লেখ করে আইজিপি বলেন, অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে যাতে পুলিশ কার্যকর ব্যবস্থা নিতে পারে, সে জন্য আইন সংস্কার করা হচ্ছে। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও বর্তমানে পুলিশ সর্বত্র কার্যক্রম পরিচালনা করছে। জনবান্ধব ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে জনগণের সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন। অপরাধ দমনে কার্যকর নীতিমালা তৈরির কাজও চলছে বলে জানান তিনি।