
ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা। এসব নেতিবাচক মন্তব্যের জবাবে এক পোস্টে বিজয় জানিয়েছেন, তারা দুজনই সুখে আছেন। বাইরের সমালোচনা তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।
বিজয় লিখেছেন, “আমার স্ত্রী আমার সবচেয়ে ভালো বন্ধু। জীবনের সবচেয়ে সুন্দর যে বিষয়গুলো আমি ঠিকভাবে পেয়েছি, তার একটি হলো সে। যারা আমাদের নিয়ে চিন্তিত, তাদের জানাতে চাই, আমরা দুজনই দারুণ সুখে আছি। আমি ভাগ্যবান। পুরো পৃথিবী যদি আমাদের বিপক্ষে দাঁড়ায়, তবু আমরা একসঙ্গে থাকব।” স্ত্রীর প্রতি ভালোবাসা ও সমর্থনের কথা জানিয়ে তিনি নেতিবাচক মন্তব্যের জবাব দেন।
এর আগে অনলাইনে ট্রল ও সমালোচনা নিয়ে মুখ খুলেছিলেন রাশমিকাও। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সমালোচনার প্রতিবাদ জানান। এবার বিজয়ও রাশমিকার পাশে থাকার কথা জানিয়ে বুঝিয়ে দিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে অনলাইনে নেতিবাচক মন্তব্যের চেয়ে তাদের সম্পর্কই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।