
ইউটিউবে প্রকাশের মাত্র দুই দিনেই এক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে জাকারিয়া সৌখিনের নাটক ‘ভালো আছো তো?’। সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটি দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে। ভিউয়ের পাশাপাশি নাটকটিতে জমা পড়েছে লক্ষাধিক লাইক ও হাজারো মন্তব্য।
নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। এর আগে এই জুটি ‘মন দুয়ারি’ ও ‘মায়াপাখি’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। চমকপ্রদ গল্পের শুরু, সাবলীল সংলাপ, আবেগঘন উপস্থাপন, দৃশ্যায়ন এবং ব্যতিক্রমী সমাপ্তি নাটকটিকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপেও নাটকটি নিয়ে আলোচনা চলছে।
নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, নিজের মনের মতো কাজ করতে চেয়েছেন সবসময়। কাজের স্বীকৃতিতে আনন্দ প্রকাশ করে তিনি প্রযোজক, শিল্পী, দর্শক ও পুরো টিমকে অভিনন্দন জানান। সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পুও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নাটকটিতে অপূর্ব ও নীহার সঙ্গে আরও অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক ও প্রান্ত। আহমেদ রিজভীর কথায় সাজিদ সরকারের সুর ও সংগীতে ‘যাকে ভালোবেসেছি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।