
বিয়ের প্রস্তাব নিয়ে বিজয় দেবেরাকোন্ডার মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিনেতা জানিয়েছিলেন, বিয়েতে রাজি হওয়ার আগে রাশমিকা মান্দানাকে নাকি তাকে প্রায় ১০০ বার একই কথা বলতে হয়েছিল। এ নিয়ে সমালোচনার মুখে এবার নিজেদের সম্পর্কের বাস্তবতা তুলে ধরেছেন রাশমিকা। সম্প্রতি করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে বিয়ের প্রস্তাব নিয়ে কথা বলেন এই তারকা জুটি।
রাশমিকা জানান, তাদের মধ্যে প্রায় এক বছর ধরে বিয়ে নিয়ে আলোচনা চলেছিল। তবে বিষয়টি কতবার প্রস্তাব দেওয়া হয়েছিল, তা নিয়ে নয়; বরং বিয়ের জন্য দুজন প্রস্তুত কি না, সেটি নিশ্চিত হওয়াই ছিল মূল কথা। ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ বক্তব্যে তিনি বলেন, জীবনের উত্থান-পতন, আনন্দ ও চাপের মধ্যে একে অপরকে বোঝার জন্য তারা সময় নিয়েছেন। শেষ পর্যন্ত দুজন সম্মিলিতভাবে বিয়ের সিদ্ধান্ত নেন। রাশমিকার ভাষায়, তিনি আবেগ দিয়ে ভাবেন, আর বিজয় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন। একে অপরের এই বৈশিষ্ট্য তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে রাশমিকা বলেন, বিয়ে তাদের কাছে কেবল প্রস্তাব, আংটি বা জাঁকজমকপূর্ণ আয়োজন নয়; বরং একসঙ্গে জীবন ও ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার। তিনি লেখেন, “আমি হাজারবারও একই কাজ করব। সেখানে ১০০ বার কিছুই নয়।” সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য ও পরামর্শে বিস্ময় প্রকাশ করে রাশমিকা জানান, তিনি জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সুখী। উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন বিজয় ও রাশমিকা। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। সম্প্রতি ‘রানাবালি’ সিনেমাতেও দেখা গেছে এই জুটিকে।