
আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান। মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি জানান, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ‘বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল’ বা ‘বিগ-বি’ উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে। এ লক্ষ্যে নিকট ভবিষ্যতে বাংলাদেশে জাপানি ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠানো হবে।
জাপানের প্রধানমন্ত্রী অর্থনৈতিক অংশীদারত্ব এগিয়ে নিতে দ্রুততম সময়ে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) কার্যকর করা এবং বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, দুই দেশের নতুন কৌশলগত অংশীদারত্ব চারটি স্তম্ভের ওপর পরিচালিত হবে। এগুলো হলো আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, সরকারি-বেসরকারি উদ্যোগে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি ও নিয়মনীতি প্রণয়ন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা।
অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা বাড়াতেও কাজ করবে জাপান। এ লক্ষ্যে সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) কর্মসূচির আওতায় বাংলাদেশকে টহল জাহাজ দেওয়ার নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এ ছাড়া, অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স এবং প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন সানায়ে তাকাইচি। তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়াকে যুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সম্ভাবনা জাপানের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।