
ইরান নিয়ে নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি যুক্তরাষ্ট্র। তেহরানে মক্কা প্যাক্টভুক্ত দেশগুলোর বৈঠক নিয়েও এখন পর্যন্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরান পরিস্থিতি নিয়ে এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই সিদ্ধান্ত নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্বার্থে যা ভালো হবে, তিনি সে অনুযায়ী পদক্ষেপ নেবেন।
মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব চাপ কার্যকর হচ্ছে বলেও মনে করছে ওয়াশিংটন। ইরানকে চাপে রাখার কৌশল অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে আপাতত পরিবর্তনের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
এ ছাড়া ‘অপারেশন এপিক ফিউরি’র মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের সেনাবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে, নৌবাহিনী ধ্বংস হয়েছে এবং বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও আর কার্যকর অবস্থায় নেই। তবে এসব সামরিক ক্ষয়ক্ষতির দাবি মার্কিন কর্মকর্তাদের বক্তব্য হিসেবে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।