
‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, সরকার ক্রসফায়ার চায় না; বরং এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। আইজিপির বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি সহজ-সরল মানুষ। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বলতে গিয়ে অসতর্কতাবশত কথাটি বলেছেন। তবে এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি, উচিতও হয়নি।
এর আগে সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার কথাও বলেন তিনি। তাঁর এ বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না। এ ধরনের হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যু সরকার সহ্য করবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের প্রধান লক্ষ্য এবং আইনশৃঙ্খলার উন্নয়ন অগ্রাধিকার। এ পর্যন্ত ক্রসফায়ার ও হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। এর আগে মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আইজিপির বক্তব্যকে সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেন। তিনি বলেন, দীর্ঘদিন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াই করা বিএনপির সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা তাঁদের ভাবিয়ে তুলছে।