
বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং’ (কারাট) বাংলাদেশ ২০২৬-এ অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মাইন প্রতিরোধী জাহাজ ইউএসএস ওয়ারিয়র (এমসিএম-১০)। রোববার (১ নভেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। আগামী ২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত এ যৌথ মহড়া অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্র মিশনের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর এর নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।
বিবৃতিতে আরও বলা হয়, কারাট বাংলাদেশ ২০২৬ মহড়া আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।