November 2, 2026, 10:49 am

বর্ণাঢ্য আয়োজনে অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ হাফিজুর রহমান, ক্রাইম রিপোর্টার,

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং চতুর্থ বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাজধানীর সোবহানবাগ, ধানমন্ডি-২৭ এলাকার ড্যাফোডিল প্লাজার নবম তলায় আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, অতিথি এবং পত্রিকাটির বিভিন্ন জেলা-উপজেলার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ও নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল। সভাপতিত্ব করেন পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক মো. শাহীন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সাংবাদিক ও প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিনিধিদের মধ্যে টি-শার্ট বিতরণ এবং অতিথি ও সাংবাদিকদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বক্তারা বলেন, সংবাদপত্র গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সমাজের অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা রয়েছে। এ দায়িত্ব পালনে সাংবাদিকদের সত্য, ন্যায়, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে। প্রধান অতিথি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে মো. শাহীন প্রতিষ্ঠালগ্ন থেকে সহযোগিতা ও ভালোবাসা দিয়ে পাশে থাকা সাংবাদিক, প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা পত্রিকার অগ্রযাত্রা, অনুসন্ধানী সাংবাদিকতার প্রসার এবং প্রান্তিক মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা জানান। শুভেচ্ছা বিনিময় ও পত্রিকার সাফল্য কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



ফেসবুক কর্নার