November 2, 2026, 9:20 pm

সিদ্ধিরগঞ্জে ১৬,৫০০ লিটার জেট ফুয়েলসহ ট্যাংকলরি জব্দ

সালেহ, নারায়ণগঞ্জ বিশেষ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৬ হাজার ৫০০ লিটার জেট ফুয়েলভর্তি একটি ট্যাংকলরি জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চালক সাগর হোসেনকে (২৭) আটক করা হলেও গাড়ির মালিক ইয়ার হোসেন ভূঁইয়া (৫০) পলাতক রয়েছেন। শনিবার রাতে চিটাগাং রোডের শিমরাইল মোড় এলাকায় অভিযান চালিয়ে চট্ট-মেট্রো-৪১-০৮০৩ নম্বরের ট্যাংকলরিটি জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামি হলেন ট্যাংকলরির হেলপার দ্বীন ইসলাম (৫২)। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, জেট ফুয়েলসহ ট্যাংকলরিটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে; পলাতক মালিককে গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ার হোসেন ভূঁইয়ার বাড়ি সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায়। তিনি একসময় ঢাকা বিভাগীয় ট্যাংকলরি মালিক সমিতির গোদনাইল পদ্মা ডিপো শাখার সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় কয়েকজনের দাবি, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এদিকে জেট ফুয়েল সরিয়ে অবৈধভাবে বিক্রির অভিযোগে একটি চক্রের সংশ্লিষ্টতার কথাও উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শ্রমিক নেতারা জব্দ করা জ্বালানির উৎস, গন্তব্য ও পরিবহনের বৈধতা যাচাইয়ের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার