
টঙ্গীর একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগসংক্রান্ত সংবাদে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নাম যুক্ত করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ গত ২১ অক্টোবর প্রকাশিত অনলাইন প্রতিবেদনে ঘটনার মূল স্থান হিসেবে টঙ্গীর মধ্য আউচপাড়ার কারিউল কোরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার পরিবর্তে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নাম উল্লেখ করে। পরে প্রতিবাদের মুখে প্রতিবেদন থেকে প্রতিষ্ঠানটির নাম সরিয়ে নেওয়া হলেও আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করা হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
প্রাপ্ত তথ্যমতে, গত ২১ অক্টোবর কারিউল কোরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে এক অভিভাবক অভিযুক্ত শিক্ষককে চড় মারেন। এ ঘটনায় দায়ের করা মামলার পর হাইকোর্ট অভিযুক্ত অভিভাবককে আত্মসমর্পণের নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ঘটনার সংবাদ প্রকাশ করতে গিয়ে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নাম যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হেফজুর রহমান তীব্র নিন্দা জানান। তিনি সংবাদমাধ্যমটির কাছে প্রকাশিত সংবাদের ভুল সংশোধন, প্রতিবেদন থেকে নাম প্রত্যাহার এবং আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানান। তাঁর প্রতিবাদ ও বিভিন্ন মহলের সমালোচনার পর ডেইলি স্টারের প্রতিবেদন থেকে মাদ্রাসার নাম সরিয়ে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে শুধু নাম প্রত্যাহার করলেই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার বিষয়টির প্রতিকার হয় না বলে মনে করছেন শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য ডেইলি স্টারকে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করতে হবে। অন্যথায় প্রতিষ্ঠানের সম্মান ও সুনাম রক্ষায় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তাঁরা। সংশ্লিষ্টদের মতে, স্পর্শকাতর কোনো ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের আগে তথ্য ও প্রতিষ্ঠানের পরিচয় যথাযথভাবে যাচাই করা জরুরি।