
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আটক প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিনের দেওয়া ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর শিক্ষককে সসম্মানে ও নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে নিজ বাড়িতে পৌঁছে দেয়।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে দৌলতপুর থানা পুলিশ তাকে আটক করে। এর আগে বিদ্যালয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবার দশম শ্রেণির বাংলা ক্লাসে প্রধানমন্ত্রীর বাংলা ভাষণে উচ্চারণ নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষক লালন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক দাবি করেন, তিনি দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে—এমন মন্তব্য করেছিলেন।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, অভিযোগের পর পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় শিক্ষককে আটক করা হয়েছিল। মাহ্দী আমিনের পোস্টে আরও বলা হয়, মতের ভিন্নতা থাকা স্বাভাবিক এবং ভিন্নমত ও মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে আরও শক্তিশালী করে বলেও উল্লেখ করা হয়।