October 4, 2026, 11:54 pm

ভালুকায় ১৬৪ বিদ্যালয়ের ১৯ লাখ টাকার বিল নিয়ে প্রশ্ন

পলুক শেখ

ময়মনসিংহের ভালুকা উপজেলার ১৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের ১৯ লাখ ৬৮ হাজার টাকার ইন্টারনেট বিল বিতরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকারি নথি অনুযায়ী, উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের মাধ্যমে সোনালী ব্যাংকের ভালুকা শাখা থেকে বরাদ্দের পুরো অর্থ উত্তোলন করা হয়েছে। তবে একাধিক শিক্ষক অভিযোগ করেছেন, যথাসময়ে ভাউচার জমা দেওয়ার পরও তারা বিলের টাকা পাননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, বিদ্যালয়গুলোর ইন্টারনেট বিল পরিশোধ করা হয়েছে এবং সরকারি অর্থ আত্মসাতের সুযোগ নেই। তবে অর্থ উত্তোলনের পর কোন বিদ্যালয়কে কত টাকা ও কবে দেওয়া হয়েছে, সেই বিদ্যালয়ভিত্তিক তালিকা বা নথি তিনি উপস্থাপন করতে পারেননি। ভুক্তভোগী প্রধান শিক্ষকদের দাবি, বিল না পাওয়ায় অনলাইন কার্যক্রম সচল রাখতে নিজেদের অর্থ ব্যয় করতে হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন জানান, বিল পরিশোধ না করার বিষয়টি কয়েকজনের কাছ থেকে শুনেছেন এবং শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন। বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে সরকারি অর্থ নির্ধারিত খাতে সঠিকভাবে ব্যয় হয়েছে কি না, তা যাচাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার