November 4, 2026, 11:13 am

মার্কিন সিনেটে একসঙ্গে দায়িত্ব নেবেন তিন কৃষ্ণাঙ্গ নারী

অভয়নগর প্রতিবেদক

 

যুক্তরাষ্ট্রের ২৩৫ বছরের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একই সময়ে সিনেটে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিন কৃষ্ণাঙ্গ নারী। ইলিনয়ের লেফটেন্যান্ট গভর্নর জুলিয়ানা স্ট্র্যাটন সিনেট নির্বাচনে জয়ী হওয়ায় এ ঐতিহাসিক মাইলফলক তৈরি হচ্ছে। আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি সিনেটর লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা অলসুব্রুকসের সঙ্গে যোগ দেবেন।

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডন ট্রেসিকে পরাজিত করেন ডেমোক্র্যাট প্রার্থী স্ট্র্যাটন। এর আগে ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালে সিনেটের দায়িত্ব নেন লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা অলসুব্রুকস। স্ট্র্যাটন হবেন মার্কিন সিনেটে দায়িত্ব পালনকারী ষষ্ঠ কৃষ্ণাঙ্গ নারী এবং ইলিনয় থেকে নির্বাচিত দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী সিনেটর।

এর আগে ১৯৯২ সালে ইলিনয় থেকে ক্যারল মোসলি ব্রাউন প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সিনেটে নির্বাচিত হন। ২০১৬ সালে নির্বাচিত হন কমলা হ্যারিস। পরে ২০২৩ সালে ল্যাফনজা বাটলারকে সিনেটর হিসেবে নিয়োগ দেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। স্ট্র্যাটনের নির্বাচনের মধ্য দিয়ে সিনেটে কৃষ্ণাঙ্গ নারীদের প্রতিনিধিত্ব বাড়ার পাশাপাশি ইলিনয় থেকেও একই সময়ে দুই অশ্বেতাঙ্গ নারী সিনেটরের দায়িত্ব পালনের নতুন দৃষ্টান্ত তৈরি হতে যাচ্ছে।



ফেসবুক কর্নার