November 2, 2026, 8:16 pm

যুক্তরাষ্ট্রে হ্যালোইন ঘিরে সহিংসতা, নিহত ২৪ আহত ৯৪

অভয়নগর প্রতিবেদক

 

হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়ার পর্যন্ত বিভিন্ন স্থানে নৈশক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে এসব ঘটনা ঘটে। রোববার (১ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় তিন দফা গুলিবর্ষণে চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। ফ্লোরিডার জ্যাকসনভিলে পৃথক ঘটনায় দুজন নিহতসহ ১৩ জন গুলিবিদ্ধ হন। মিসিসিপির জ্যাকসনের একটি নৈশক্লাবে গুলিতে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। উত্তর ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে গুলিতে অন্তঃসত্ত্বা এক নারী নিহত এবং ছয়জন আহত হন। এ ছাড়া আলাবামা, ইলিনয়, ইন্ডিয়ানা, ডেলাওয়ার ও আরকানসাসের বিভিন্ন স্থানেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

ডালাস পুলিশপ্রধান ড্যানিয়েল কোমো জানান, হ্যালোইন উপলক্ষে আগে থেকেই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। গুলির খবর পেয়ে কাছাকাছি থাকা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিভিন্ন ঘটনার তদন্ত চলছে। বিশেষজ্ঞরা বলছেন, বড় জনসমাগমে বন্দুক সহিংসতা ঠেকাতে আগাম সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা গুরুত্বপূর্ণ হলেও প্রতিটি স্থানে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা কঠিন।



ফেসবুক কর্নার