
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার মান নিয়ে অসন্তোষের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নিয়েছেন ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ২৯০ জনকে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশজুড়ে বিক্ষোভে অংশ নেন ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে শুধু প্যারিসেই বিক্ষোভ করেন প্রায় ৭০ হাজার মানুষ। টানা তৃতীয় সপ্তাহান্তে এ কর্মসূচি পালিত হলো। আগামী কয়েক দিনের মধ্যে দেশটিতে সাধারণ ধর্মঘটের প্রস্তুতির মধ্যেই নতুন করে রাজপথে নামেন আন্দোলনকারীরা।
এর আগে দুই সপ্তাহ আগে বিক্ষোভকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এবার এসব ঘটনা ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করলেও প্যারিসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ফ্রান্সের বাইরেও আলবেনিয়া, জার্মানি ও ইতালিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে তরুণদের মধ্যে বিক্ষোভের প্রবণতা ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে বিবিসি।