
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে পেনসিলভেনিয়ার ৮ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী রব ব্রেসনাহানকে পরাজিত করে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী ও স্ক্র্যান্টন শহরের মেয়র পেজ কোগনেটি। বুধবার (৪ নভেম্বর) সিএনএনের ডিসিশন ডেস্কের পূর্বাভাসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনটিতে কোগনেটির বিজয়ের বিষয়টি নিশ্চিত করা হয়।
২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছ থেকে আসনটি ছিনিয়ে নিয়েছিলেন রিপাবলিকান আইনপ্রণেতা রব ব্রেসনাহান। দুই বছর পর তাকে পরাজিত করে আসনটি আবারও ডেমোক্র্যাটদের দখলে ফিরিয়ে আনলেন কোগনেটি। পেনসিলভেনিয়ায় রিপাবলিকানদের দখলে থাকা যে চারটি আসন পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েছিল ডেমোক্র্যাটরা, তার মধ্যে ৮ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট অন্যতম।
নির্বাচনি প্রচারণায় কোগনেটি নিজেকে স্বার্থকেন্দ্রিক রাজনীতির বিকল্প হিসেবে তুলে ধরেন। কংগ্রেসে নির্বাচিত হলে জনপ্রতিনিধিদের কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করতে বিস্তারিত আর্থিক নিরীক্ষার (অডিট) প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচনে তার এই প্রতিশ্রুতি ভোটারদের আস্থা অর্জনে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।