November 4, 2026, 9:48 pm

মামলায় হাজির না হওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অভয়নগর প্রতিবেদক

 

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।

২০২২ সালের ১৮ জুলাই পরীমনির বিরুদ্ধে মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে ঢাকার আদালতে নালিশি মামলা করেন নাসির উদ্দিন মাহমুদ। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০২১ সালের ৮ জুন পরীমনি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে যান। রাত ১টা ১৫ মিনিটের দিকে ক্লাব ছাড়ার সময় পরীমনি তাঁর কাছে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে দাবি করেন। এতে রাজি না হওয়ায় তাঁকে গালমন্দ করা হয় এবং হত্যার উদ্দেশ্যে গ্লাস ছুড়ে মারা হয় বলে অভিযোগ করেন তিনি।

মামলাটি তদন্ত করে গত বছরের এপ্রিলে পরীমনি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, তদন্তে নাসির উদ্দিনকে মারধর এবং গ্লাসের আঘাতে তাঁর আহত হওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



ফেসবুক কর্নার