
বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করতে আগ্রহী। মোংলায় আরও শিল্প-কারখানা গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের সহযোগিতা প্রশংসনীয়। এ জন্য তিনি চীনা বিনিয়োগকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে পরিচালিত বিভিন্ন চীনা প্রতিষ্ঠানে বাংলাদেশি জনবল নিয়োগ দেওয়ায় প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার। তিনি আশা প্রকাশ করেন, চীনা বিনিয়োগ বাড়লে শিল্পায়ন, কর্মসংস্থান ও দেশের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।