November 5, 2026, 2:24 pm

কুর্মিটোলায় ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, আহত পুলি

অভয়নগর প্রতিবেদক

 

রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এতে মো. এনামুল নামে পুলিশের এক কনস্টেবল ও গাড়িচালক আহত হন। ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, আর্মি গলফ ক্লাবের সামনে দায়িত্ব পালনরত পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়িচালক কনস্টেবল এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে। তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই করা হচ্ছে।

পুলিশের একাধিক সূত্র জানায়, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। পথে তারা পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নির্দেশে মিছিলটি বের করার দাবি দেখা গেছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।



ফেসবুক কর্নার