November 5, 2026, 2:25 pm

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

অভয়নগর প্রতিবেদক

 

শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা জোরদারে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারির অংশ হিসেবে ড্রোনের মাধ্যমে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছেন। সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



ফেসবুক কর্নার