November 5, 2026, 2:25 pm

আদালত প্রাঙ্গণে সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পরীমনি

অভয়নগর প্রতিবেদক

 

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া ও গালিগালাজের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে। বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। একই দিন তার নিরাপত্তারক্ষীদের ধাক্কায় এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।

সকাল সাড়ে ৯টার দিকে আদালতে পৌঁছানোর পর পরীমনিকে ঘিরে রাখেন তার নিরাপত্তারক্ষীরা। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এজলাসে যাওয়ার সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে ধাক্কাধাক্কি হয়। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল কেড়ে নেন পরীমনি বলে অভিযোগ করা হয়েছে। পরে তিনি মোবাইলটি ফিরিয়ে নেন। শুনানি শেষে আদালত ৫০০ টাকার মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন। বের হওয়ার সময় নিরাপত্তারক্ষীদের ধাক্কায় সুজন চন্দ্র মনি দাস নামে এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যায় বলে তার ভাই অভিযোগ করেন।

আদালত প্রাঙ্গণ ছাড়ার আগে গাড়িতে ওঠার সময় রবিউল হোসাইনকে দেখে তেড়ে যান পরীমনি এবং সাংবাদিকদের গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ মামলাটি করেন। তদন্ত শেষে পিবিআই পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতির অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দেয়। মামলাটিতে বিচার কার্যক্রম চলমান রয়েছে।



ফেসবুক কর্নার