
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট হট্টগোলের ঘটনায় জেলা প্রশাসককে (ডিসি) অপসারণের দাবি জানিয়েছে জেলা ছাত্রদল। এ দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় তারা ক্ষুব্ধ। পাশাপাশি এক বক্তা শেখ মুজিবুর রহমানকে বারবার ‘জাতির পিতা’ সম্বোধন করলেও জেলা প্রশাসক নীরব ছিলেন বলে অভিযোগ করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। সভাপতি এর সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভার ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে তাঁর ছবিসংবলিত পোস্টার লাগানোর পর অনুষ্ঠান শুরু হয়। সভায় মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ সম্বোধন করলে আবারও হট্টগোল হয়। এ সময় ছাত্রদল সভাপতি মঞ্চের ডায়াসের দিকে এগিয়ে যান। পরে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।