
বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে জয়পুরহাটের কালাইয়ে দুই শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ চলে। এ ঘটনায় গোলাম রতন (৪৬) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
অনুষ্ঠান আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ সংকেতের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটির দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই দূরদূরান্ত থেকে প্রায় ১০ হাজার দর্শক মাঠে জড়ো হন। নিরাপত্তায় আড়াই শতাধিক পুলিশ সদস্য, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন। তবে বিপুল দর্শকের ভিড়ের সুযোগে পেশাদার চোর ও পকেটমার চক্র সক্রিয় হয়ে ওঠে। অনুষ্ঠান চলাকালে দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি হয়।
কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী থানায় এসে মৌখিক অভিযোগ করেছেন। পুলিশের ধারণা, সব মিলিয়ে চুরি হওয়া মোবাইল ফোনের সংখ্যা দুই শতাধিক। এ ঘটনায় অনুষ্ঠানস্থল থেকে গোলাম রতনকে আটক করা হয়েছে। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।