
সঠিক ও নির্ভরযোগ্য তথ্য ছাড়া সরকারি কাজে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, নির্ভরযোগ্য পরিসংখ্যান ছাড়া কার্যকর নীতিনির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা ও সরকারি কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয়। সরকারি তথ্য হতে হবে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও পরিমাপযোগ্য। তথ্যে কারসাজি করা সরকারের নিজের সঙ্গে প্রতারণার শামিল। অর্থনীতিকে গণতান্ত্রিক করতে নীতিনির্ধারণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তথ্যের অবাধ প্রবেশাধিকার প্রয়োজন। সঠিক তথ্যের ভিত্তিতে বৈষম্য চিহ্নিত, সমস্যার সমাধান ও গবেষণার সুযোগ তৈরি করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, গবেষক ও সাধারণ মানুষের ব্যবহারের জন্য অনলাইনে উন্মুক্ত তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিবিএসের জনবলসংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকার পদক্ষেপ নিচ্ছে। এ ছাড়া ‘ওয়ান সিটিজেন, ওয়ান ওয়ালেট, ওয়ান কার্ড’ উদ্যোগ বাস্তবায়নেও নির্ভরযোগ্য তথ্য প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভায় সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার।