
সরকারি প্রশাসনের কাছে নাগরিকের করা আবেদন কোনো কারণ না দেখিয়ে অনির্দিষ্টকাল ফেলে রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ব্যক্তিগত অব্যবহৃত পুকুর ভরাটের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করে দীর্ঘদিন সিদ্ধান্ত না পাওয়ায় মো. শাহজাহান সরদারসহ দুই ব্যক্তি হাইকোর্টে রিট করেন। রোববার (৮ নভেম্বর) এ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর আগে গত ৪ নভেম্বর বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, আবেদনকারীরা তাঁদের মালিকানাধীন অব্যবহৃত পুকুর মাটি ও বালু দিয়ে ভরাটের অনুমতি চেয়ে ২০২৫ সালের ১৯ জানুয়ারি নাটোরের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। দীর্ঘদিনেও কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না জানানোয় তাঁরা সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট দায়ের করেন। রায়ে হাইকোর্ট বলেন, নাগরিকের আবেদনের বিষয়ে যুক্তিসংগত সময়ের মধ্যে লিখিত ও কারণসংবলিত সিদ্ধান্ত জানানো প্রশাসনের দায়িত্ব। কারণ না দেখিয়ে আবেদন ঝুলিয়ে রাখা নাগরিকের ন্যায়সংগত প্রত্যাশার পরিপন্থী। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ.এইচ.এম. মুশফিকুর রহমান তুহিন।
আদালত স্পষ্ট করেছেন, পুকুর ভরাটের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে তাঁরা কোনো সিদ্ধান্ত দেননি। এটি জেলা প্রশাসকের আইনানুগ এখতিয়ার। তবে রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে প্রচলিত আইন অনুযায়ী যুক্তিসংগত লিখিত আদেশের মাধ্যমে আবেদনটি বিবেচনা ও নিষ্পত্তি করতে নাটোরের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।