
বাগেরহাটের মোরেলগঞ্জে মাত্র ১৫ মাস বয়সী শিশু আলামিনকে ৬০ হাজার টাকায় বিক্রির ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহর হস্তক্ষেপে মোংলা থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ইউএনওর বাসভবনে ক্রেতাপক্ষ ও শিশুটির মাকে হাজির করে তাকে হস্তান্তর করা হয়। এর আগে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বারইখালী গ্রামে শিশুটি বিক্রির ঘটনা ঘটে।
বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে অনিকা আক্তার প্রায় দুই বছর আগে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকরিকালে হাসান চৌধুরীর সঙ্গে বিয়ে করেন। তাঁদের সংসারে আলামিনের জন্ম। অনিকার অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকে স্বামী খোঁজখবর রাখতেন না এবং এখন তাঁর ঠিকানাও পাওয়া যাচ্ছে না। সংসারে চরম আর্থিক সংকট দেখা দেয়, তিনি নিজেও জটিল রোগে আক্রান্ত হন। অনিকা বলেন, “আমি অসুস্থ, ছেলেকে কী খাওয়াব জানি না। চরম অসহায় হয়ে ছেলেকে অন্যের হাতে তুলে দিয়েছি।”
জানা গেছে, প্রতিবেশী হালিমা বেগম অনিকাকে সন্তান বিক্রির প্রস্তাব দেন। তিনি ৬০ হাজার টাকায় মোংলার শহিদুলের স্ত্রী নুরজাহান বেগমের কাছে শিশুটিকে পৌঁছে দেন এবং টাকা নেন। এর মধ্যে ৩০ হাজার টাকা অনিকাকে দিয়ে বাকি ৩০ হাজার টাকা নিজের কাছে রাখেন। ঘটনা জানাজানি হলে ইউএনওর নির্দেশে শিশুটিকে উদ্ধার করা হয়। অনিকার পাওয়া ৩০ হাজার টাকা ইউএনওর কাছে জমা দেওয়া হলেও হালিমার কাছে থাকা বাকি ৩০ হাজার টাকা এখনো জমা হয়নি। ইউএনও বলেন, “আইনগতভাবে শিশু বিক্রির কোনো সুযোগ নেই। আপাতত আর্থিক সহযোগিতা দিয়ে শিশুটিকে মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। পরে আইনগতভাবে যাঁরা শিশুটিকে নিতে চান, তাঁদের আবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।”