
‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে অক্টোবর-২০২৬ নিয়োগের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রার্থীদের শারীরিক উচ্চতা, বুকের মাপ, বয়স, শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএমের সার্বিক তত্ত্বাবধানে বাছাই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তিনি প্রার্থী ও তাঁদের অভিভাবকদের দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়ার আহ্বান জানান। পুলিশ সুপার বলেন, নিয়োগের ক্ষেত্রে প্রতারণা কিংবা দালালের মাধ্যমে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি পরবর্তী ধাপের শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য প্রার্থীদের প্রস্তুতি নিয়ে মাঠে আসার পরামর্শ দেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা (পিইটি)-তে অংশ নেবেন। তাঁদের সকাল ৭টার আগে পুলিশ লাইন্সের প্রধান ফটকে উপস্থিত থাকতে হবে। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেছে জেলা পুলিশ।