
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত ৩০ দিন পার হয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। নির্ধারিত সময় পার হলে পলাতক আসামির আপিলের সুযোগ থাকে না। সময়সীমা মওকুফেরও কোনো আইনি সুযোগ নেই। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তাঁকে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে। এখন প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত ভারতের।
আইনমন্ত্রী আরও জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগির শুরু হবে। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে এবং সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে। আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ায়ও সরকার হস্তক্ষেপ করবে না। সাক্ষী সুরক্ষার বিষয়টি সরকার পর্যালোচনা করছে।