
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি জামে মসজিদের দরজা-জানালা, দেয়াল ও মেঝেতে মলমূত্র ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এতে স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে উপজেলার বটতলা রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে ফজরের আজান দিতে বের হন মুয়াজ্জিন মো. ছাবেদ আলী (৬৫)। মসজিদের সামনে পৌঁছে তিনি হাতে বালতি নিয়ে কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন বলে জানান।
পরে মসজিদের বারান্দায় গিয়ে দরজা-জানালা, ভেতরের দেয়াল ও মেঝের বিভিন্ন স্থানে মলমূত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ও মুসল্লিরা ছুটে এসে একই দৃশ্য দেখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মসজিদের পবিত্রতা ও স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি মুসল্লিদের ধর্মীয় কার্যক্রম ব্যাহত হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
এ ঘটনায় স্থানীয় দুই ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে অভিযুক্ত করে ফুলবাড়ী থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ছাবেদ আলী। অভিযোগে সাক্ষী হিসেবে মো. মেহের জামাল, মো. নুর জামাল মিয়া ও মো. আব্দুল গলির নাম উল্লেখ করা হয়েছে। ছাবেদ আলী ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থার দাবি জানান। ফুলবাড়ী থানার ওসি কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।