
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতবাড়ির চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ সরকারপাড়ায় মো. আমজাদ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে বাড়ির চারটি ঘর ও ঘরে থাকা সব মালামাল পুড়ে যায়।
আগুনে ছয়টি গরু, চারটি ছাগলসহ হাঁস-মুরগি ও কবুতরও পুড়ে মারা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মুহূর্তের আগুনে বসতবাড়ি ও গবাদিপশু হারিয়ে পরিবারটি চরম বিপর্যয়ের মুখে পড়েছে।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এলাকার বিত্তবান ব্যক্তি, সমাজসেবী, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, মানবিক বিবেচনায় সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে এলে পরিবারটি নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পাবে।