November 17, 2026, 12:46 am

হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

অভয়নগর প্রতিবেদক

 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দিলে বাংলাদেশ সরকার তা বিবেচনা করবে বলে জানান তিনি। সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বিদেশে অবস্থান করছেন। তাঁকে কীভাবে দেশে ফেরানো হবে, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য আসামিদের মতো তাঁকেও দেশে ফিরিয়ে এনে সাজা ভোগ করানোর প্রত্যাশা সরকারের। এ ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ-ভারত সম্পর্ক শেখ হাসিনা ইস্যুর চেয়ে অনেক বিস্তৃত উল্লেখ করে বলেন, দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, অতীতে দলটি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এখনো জ্বালাও-পোড়াও করছে। অন্য দেশে বসে এসব কর্মকাণ্ড পরিচালনা করা হলে সরকার হিসেবে বাংলাদেশের তা মোকাবিলা করা প্রয়োজন। এ ছাড়া বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ নিয়ে প্রকাশিত সংবাদকে ভুল তথ্য উল্লেখ করে তিনি জানান, সচিব পর্যায়ে এ সংলাপ হওয়ার কথা থাকায় দুই পক্ষই তা কিছুদিন পরে আয়োজনের বিষয়ে একমত হয়েছে। উল্লেখ্য, গত ১২ নভেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা উল্লেখ করা হয়েছিল।



ফেসবুক কর্নার