নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে মো. সোহেল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে নন্দীপুর এলাকার বাসিন্দা মো. আলীর বাড়িতে কবুতর চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে সোহেলকে আটক করেন। পরে তাকে পাশের নন্দীপুর নতুন মসজিদ এলাকায় নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহেল বরিশাল জেলার বাসিন্দা। তিনি সোনারগাঁয়ের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।