
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে দেশীয় প্রজাতির নানা মাছ হারিয়ে যাচ্ছে। নদী-নালা, খাল-বিল ও ডোবা ভরাট, প্রজননক্ষেত্র সংকুচিত হওয়া, বৃষ্টিপাত কমে যাওয়া, জলাশয় সেচে মাছ ধরা এবং ডিমওয়ালা ও পোনা মাছ নিধনের কারণে অনেক প্রজাতি হারিয়ে গেছে, আর কিছু প্রজাতি বিলুপ্তির দ্বারপ্রান্তে। তথ্যমতে, দেশে মিঠাপানির ২৬০ প্রজাতির মধ্যে ৫৪ প্রজাতির অস্তিত্ব বিপন্ন। এ অঞ্চল থেকে খয়রা, মায়া, লালচাঁদা, কাকলে, রিটা, আইড়, পাবদা, তপসে, সরপুঁটি, তিতপুঁটিসহ ১৫ প্রজাতির ছোট মাছ প্রায় বিলুপ্ত হয়েছে। টেংরা, খলিশা, কৈ, মাগুর, শিং, টাকি, বেলেসহ আরও অনেক মাছ অস্তিত্বসংকটে রয়েছে। বর্তমানে হাট-বাজারে যা পাওয়া যায়, তার দামও চড়া হওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
সংশ্লিষ্টদের তথ্যমতে, উপজেলায় সরকারি-বেসরকারি প্রায় দুই হাজার পুকুর রয়েছে। তবে কয়েক বছর ধরে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় খাল-বিল, পুকুর ও নদী-নালার অধিকাংশ পানিশূন্য। ফলে বর্ষায়ও ছোট মাছ বংশ বিস্তার করতে পারছে না। খাসেরহাট গ্রামের জসিম উদ্দিন জানান, আগে খাল-বিল ও নদীর মাছ ধরে অনেকের সংসার চলত, এখন মাছ না পেয়ে তিনি পেশা বদলেছেন। জেলে রফিক মিয়া বলেন, পাঁচ-ছয় বছর আগে প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার টাকার মাছ বিক্রি করতেন, এখন মাছ না পাওয়ায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও বিষাক্ত কীটনাশকের ব্যবহার এ বিপর্যয়ের অন্যতম কারণ; এতে মাছের ডিম ধারণক্ষমতা ৪০ শতাংশ, নিষিক্তকরণের হার ১৫ শতাংশ এবং ডিম ফোটার হার ২৫ শতাংশ কমে যায়। রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, নদ-নদীর প্রবাহ কমে যাওয়া এবং খাল সেচে বা কীটনাশক দিয়ে মাছ নিধনে মৎস্যসম্পদ হুমকির মুখে। বিশেষজ্ঞদের মতে, প্রজননক্ষেত্র সংরক্ষণ, ডিমওয়ালা মাছ অবমুক্ত করা, জনসচেতনতা বৃদ্ধি, জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং কীটনাশকের ব্যবহার কমানো গেলে এ পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া সম্ভব। সচেতন মহল মনে করছে, সম্মিলিত উদ্যোগে হারিয়ে যাওয়া মাছ ফিরিয়ে আনা সম্ভব।