
ঝালকাঠির রাজাপুরে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর-রশিদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় থানার ওসির কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গত ১৫ নভেম্বর তিনি রাজাপুর থানার ওসি হিসেবে দায়িত্ব নেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাদকের বিস্তার রোধ, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং অনলাইন জুয়া প্রতিরোধেও গুরুত্ব দেওয়া হয়।
ওসি হারুন-অর-রশিদ বলেন, “রাজাপুরে আমি নতুন হলেও আইনশৃঙ্খলা রক্ষায় আমার অভিজ্ঞতা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমার অন্যতম লক্ষ্য। মাদক, অনলাইন জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।” তিনি অপরাধমুক্ত রাজাপুর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন। তাঁর মতে, গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা ও বস্তুনিষ্ঠ সংবাদ অপরাধ দমন ও জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত সাংবাদিকেরা বিভিন্ন এলাকার সমস্যা, অপরাধপ্রবণ অঞ্চল, মাদক বিস্তার ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন এবং জনবান্ধব পুলিশিং জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় পুলিশ ও সাংবাদিকেরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।