পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ শুরু হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তথ্যমতে, এটি এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন নয়।
প্রাথমিক পর্যায়ে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করে টারবাইন, জেনারেটর ও গ্রিডের ফ্রিকোয়েন্সির স্থিতিশীলতা যাচাই করা হবে। এরপর ২৮ ঘণ্টার বিরতি দিয়ে পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে কারিগরি পরীক্ষা চালানো হবে।
পরীক্ষা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন সাপেক্ষে ১০ মাসের ট্রায়াল অপারেশন শুরু হবে। দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট (নিট প্রায় ২ হাজার ৬০ মেগাওয়াট) বিদ্যুৎ যুক্ত হবে।