ময়মনসিংহের ভালুকায় আঁখি আক্তার (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী আকন্দবাড়ি এলাকার স্বামীর বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী জাহিদুল ইসলামকে আটক করা হয়েছে।
নিহত আখি আক্তার উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে। তিনি ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। প্রায় এক বছর আগে বহুলী গ্রামের আলাউদ্দিনের ছেলে জাহিদুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্বামীর বাড়ি থেকে ফোন করে আখির মৃত্যুর খবর তার বাবার বাড়িতে জানানো হয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে মরদেহ উদ্ধারকারী ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ ওয়াছিম উদ্দিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।