
দিনাজপুরে বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, বিপিএমের তত্ত্বাবধানে এবং ডিবির ওসি মুহাম্মদ আলমগীর, পিপিএমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টায় কোতোয়ালি থানাধীন কালিতলা এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পার্সেল গোডাউনে অভিযান চালায়।
অভিযানের সময় একটি খাকি রঙের কার্টন নিয়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়। জনসম্মুখে তল্লাশি চালিয়ে কার্টনের ভেতর থেকে ৬০০ পাতায় মোট ৬ হাজার পিস ট্যাফেন্টাডল ট্যাবলেট, ২৫ গ্রামের ৭০টি নীল রঙের শোষক তুলার প্যাকেট, ১৮টি জয় স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট এবং একটি চালান ও মেমো উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি কোতোয়ালি থানার পাক-পাহাড়পুর এলাকার সরদার আলী খানের ছেলে মো. আতিক খান মীম ওরফে মনু (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকা এবং মাদকের চালান নিজ হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহনের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।