
কক্সবাজারের পেকুয়া উপজেলায় প্রতিবন্ধী ভাইয়ের বিয়েতে বাবার দেওয়া কথা রাখতে বড় ভাই ডুপ্লেক্স বাড়ি উপহার দিয়েছেন—এমন খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়ে। তবে এ খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বড় ভাই আরিফের স্ত্রী উম্মে হাসিনা মিনা। তাঁর দাবি, বাড়িটি উপহার দেওয়া হয়নি, ছোট ভাইকে সাময়িকভাবে সেখানে থাকতে দেওয়া হয়েছে।
জানা যায়, গত ১৩ নভেম্বর উত্তর মেহেরনামা চৈরভাঙ্গা ২ নম্বর ওয়ার্ড এলাকায় প্রতিবন্ধী যুবক আতিকের বিয়ে সম্পন্ন হয়। এরপর ১২ ভাই-বোনের চমক হিসেবে বাবার কথা অনুযায়ী আরিফ ছোট ভাইকে ডুপ্লেক্স বাড়ি উপহার দিয়েছেন বলে খবর ছড়ালে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা ও প্রশংসা তৈরি হয়। পরে উম্মে হাসিনা মিনা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, আরিফ মূলত নিজের থাকার জন্যই বাড়িটি নির্মাণ করেছেন এবং আতিককে কেবল বসবাসের জন্য থাকতে দিয়েছেন। তাঁর ভাষ্য, বাড়ির পাশেই বাবার ওয়ারিশসূত্রে পাওয়া আতিকের নিজস্ব জায়গা রয়েছে এবং ভবিষ্যতে আতিকের সন্তান হলে সেখানে নতুন বাড়ি করে দেওয়া হবে।
তিনি উপহারের প্রচারণাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, ভবিষ্যতে যেন তিনি ও তাঁর সন্তানেরা ওই বাড়িতে থাকতে না পারেন, সে লক্ষ্যেই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সরেজমিনে স্থানীয় বাসিন্দারাও জানান, আরিফ নিজের বসবাসের জন্যই বাড়িটি তৈরি করেছিলেন। পরে প্রতিবন্ধী ছোট ভাইয়ের বিয়ের ব্যবস্থা করে আপাতত আশ্রয় হিসেবে তাঁকে সেখানে থাকতে দিয়েছেন।