সাতক্ষীরার সীমান্তবর্তী দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার এ হাসপাতালে দীর্ঘদিন ধরে ১১ জন কনসালটেন্ট এবং ১২ জন মেডিকেল অফিসার ও আবাসিক মেডিকেল অফিসারের পদ শূন্য। সরেজমিনে দেখা যায়, অবকাঠামো, বেড ও অপারেশন থিয়েটার সচল থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে এর সুফল মিলছে না। গাইনি, মেডিসিন, সার্জারি, শিশু, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলা ও অ্যানেস্থেসিয়া বিভাগে কনসালটেন্টের পদ ফাঁকা। ফলে সিজারিয়ান অপারেশনসহ জরুরি চিকিৎসা ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম এবং ৩ নভেম্বর যোগ দেওয়া গাইনি কনসালটেন্ট ডা. অনন্যা রানীসহ মাত্র দুই-তিনজন চিকিৎসক দিয়ে হাসপাতাল চলছে। অনন্যা রানীর যোগদানে প্রসূতি সেবায় কিছুটা গতি এলেও অন্য প্রায় সব বিভাগেই অচলাবস্থা বিরাজ করছে।