কুমিল্লার দেবিদ্বারে চতুর্থ শ্রেণির ১০ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী মো. সুলতান মিয়া (৪২)-এর বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে দেবিদ্বার পৌরসভার বারেরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা অভিযুক্ত সুলতানের বিরুদ্ধে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি ৩৩ নম্বর বারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করছিল। এ সময় সুলতান তাকে বিদ্যালয়ের পূর্ব পাশের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রতিবেশী শাহিনা আক্তার ঘটনাটি দেখতে পেয়ে এগিয়ে গেলে অভিযুক্ত পালিয়ে যান। পরে শিশুটি বিদ্যালয়ে গিয়ে কান্নাকাটি করে শিক্ষকদের কাছে ঘটনা জানায়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর কাজী মনিরুল ইসলাম জানান, অভিযুক্ত পালিয়ে যাওয়ায় শিশুটির বাবাকে আইনি আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শিশুটির বাবা অভিযোগ করেন, ঘটনার বিচার চাইতে গেলে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্ত পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি; মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।