ঝিনাইদহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাঞ্চননগর বাবর আলী মোড়ে সাবেক স্বামীর ইটের আঘাতে সুমাইয়া নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু ফারহানকে মাদ্রাসায় নেওয়ার পথে সুমাইয়ার পথ আটকান তাঁর সাবেক স্বামী ইনামুল হক মিরাজ। একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সুমাইয়ার মৃত্যু হয়। তাঁদের চার বছর আগে বিবাহবিচ্ছেদ হয়েছিল।
নিহত সুমাইয়া কাঞ্চননগর বাবর আলী মোড় এলাকার সিকান্দারের মেয়ে। অভিযুক্ত মিরাজ শিকারপুর গ্রামের সিদ্দিকের ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।