
গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগ নেতা ওমর ফারুক খান রিপনসহ কয়েকজন ক্লিনিকের ভেতরে ভাঙচুর চালান। পরে ওয়েটিং রুমে ভাঙা আসবাবপত্রে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতে ও উল্লাস করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় ১৫ মিনিট অবস্থানের পর তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় বাসিন্দারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে সন্ধ্যার পর ঢাকা-খুলনা মহাসড়ক, গোপালগঞ্জ-কোটালীপাড়া ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কসহ শহরে প্রবেশের বিভিন্ন পয়েন্টে অবরোধ করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জানতে পুলিশের বিভিন্ন কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কল রিসিভ করেননি।