
বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার কলেজছাত্র সিফাত আবদুল্লাহ হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী নাসের আলী খান। তিনি বলেন, একটি মিথ্যা মামলায় সিফাতকে ৭৬ দিন কারাগারে রাখা হয়েছিল। তিনি ইনকিলাব মঞ্চ ও এনসিপির সক্রিয় সদস্য বলেও দাবি করেন আইনজীবী।
জানা যায়, গত ৩ সেপ্টেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে সিফাতকে আটক করে পুলিশ। পরে ৪ জুন গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর নিম্ন আদালতে তাঁর জামিন আবেদন দুই দফা নাকচ হয়। ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এবং ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
পরে নিম্ন আদালতে জামিন না পেয়ে সিফাতের আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন। আদালতের আদেশের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার রাতে কারামুক্ত হন সিফাত আবদুল্লাহ।