নদীভাঙন, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় মানুষের জীবন-জীবিকা এখন নতুন করে হুমকির মুখে। অবৈধ বালু উত্তোলনের কারণে নদী ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে উপকূলের জনপদ, কৃষিজমি, বসতভিটা ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। সুন্দরবনসংলগ্ন এই জনপদের মানুষের জীবন ও জীবিকা নদী, খাল, কৃষি, মৎস্যসম্পদ এবং প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। একদিকে নদীভাঙন, অন্যদিকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব—সব মিলিয়ে এখানকার মানুষকে প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শ্যামনগর উপজেলার মোট জনসংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৯৭০ জন। প্রতি বর্গকিলোমিটারে বসবাস করেন প্রায় ২৩১ দশমিক ৬ জন মানুষ। উপজেলার মোট ইউনিয়ন ১২টি। এর মধ্যে আটটি ইউনিয়ন নদীভাঙন ও উপকূলীয় ঝুঁকির দিক থেকে বিশেষভাবে বিপদাপন্ন। ইউনিয়নগুলো হলো—১২ নম্বর গাবুরা, ১১ নম্বর পদ্মপুকুর, ১০ নম্বর আটুলিয়া, ৯ নম্বর বুড়িগোয়ালিনী, ৭ নম্বর মুন্সিগঞ্জ, ২ নম্বর কাশিমাড়ী, ৫ নম্বর কৈখালী এবং ৬ নম্বর রমজাননগর।
এসব ইউনিয়নের মানুষের জীবনযাত্রা অনেকাংশেই নদী ও প্রকৃতির ওপর নির্ভরশীল। নদীর পানি বৃদ্ধি, জোয়ারের তীব্রতা, বেড়িবাঁধের দুর্বলতা এবং নদীভাঙনের কারণে প্রতিবছরই তাঁদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়। কোথাও বসতভিটা হারানোর আশঙ্কা, কোথাও কৃষিজমি বিলীন হওয়ার ভয়, আবার কোথাও মাছের ঘের ও জীবিকার ওপর দেখা দেয় অনিশ্চয়তা।
শ্যামনগর শুধু উপকূলীয় ঝুঁকিপূর্ণ জনপদ নয়, এটি দেশের মৎস্যসম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্র। প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলায় মাছের ঘেরের সংখ্যা প্রায় ১৭ হাজার ৭৩৮টি। এসব ঘেরে চাষযোগ্য জলায়তন প্রায় ১৯ হাজার ৯৯০ হেক্টর। এখান থেকে বছরে প্রায় ৩৩ হাজার ৭৮৮ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়।
এ অঞ্চলে বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, কাঁকড়া এবং বিভিন্ন প্রজাতির মাছ চাষ ও আহরণ করা হয়। এসব মৎস্যসম্পদ স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে হাজার হাজার মানুষের জীবন-জীবিকা।
সরকারও এ খাত থেকে উল্লেখযোগ্য রাজস্ব পেয়ে থাকে। ফলে শ্যামনগরের নদী, খাল, জলাশয় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা শুধু স্থানীয় মানুষের স্বার্থের বিষয় নয়; এটি জাতীয় অর্থনীতি, মৎস্যসম্পদ এবং উপকূলীয় পরিবেশ সুরক্ষার সঙ্গেও সরাসরি সম্পৃক্ত।
এমন একটি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ স্থানীয় মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তাঁদের আশঙ্কা, অপরিকল্পিত ও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করা হলে নদীর স্বাভাবিক প্রবাহ ও তলদেশের গঠন পরিবর্তিত হতে পারে। এতে নদীর তীরের স্থিতিশীলতা নষ্ট হওয়া, ভাঙনের ঝুঁকি বৃদ্ধি এবং আশপাশের বসতবাড়ি, কৃষিজমি ও মৎস্যসম্পদের ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে।
বিশেষ করে যেসব ইউনিয়নের মানুষ আগে থেকেই নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছেন, তাঁদের জন্য এ ধরনের কর্মকাণ্ড নতুন বিপদের কারণ হয়ে উঠতে পারে। নদীর সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকা মানুষের কাছে নদী কেবল পানির প্রবাহ নয়; এটি তাঁদের জীবিকা, খাদ্য, যোগাযোগ, সংস্কৃতি এবং অস্তিত্বের অংশ।
স্থানীয়দের আশঙ্কা, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন চলতে থাকলে উপকূলের প্রাকৃতিক ভারসাম্য আরও নাজুক হয়ে পড়তে পারে। এর প্রভাব পড়তে পারে নদীতীরবর্তী জনপদ, বেড়িবাঁধ, কৃষিজমি, মৎস্যঘের এবং সুন্দরবনসংলগ্ন পরিবেশের ওপর।
শ্যামনগরের মানুষের দাবি, উন্নয়ন কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ডের নামে এমন কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না, যা তাঁদের বসতভিটা, জীবিকা ও ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে। নদী ও পরিবেশের ওপর নির্ভরশীল এই জনপদের মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি নিয়মিত তদারকি করা, বৈধ ও অবৈধ কার্যক্রম চিহ্নিত করা, প্রয়োজনীয় পরিবেশগত ও কারিগরি সমীক্ষা করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে স্থায়ী সুরক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।
তাঁদের মতে, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। নদী ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে নিয়মিত নজরদারির ব্যবস্থাও গড়ে তোলা প্রয়োজন।
শ্যামনগরের নদী, খাল, জলাশয় ও মৎস্যসম্পদ এ অঞ্চলের মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদী বিপন্ন হলে বিপন্ন হবে মানুষের জীবন-জীবিকা। ক্ষতিগ্রস্ত হবে কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং স্থানীয় অর্থনীতি।
তাই অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি কেবল মএকটি পরিবেশগত দাবি নয়; এটি উপকূলের মানুষের নিরাপদে বেঁচে থাকার দাবি। নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা শ্যামনগরের মানুষের জন্য নদী ও পরিবেশ সুরক্ষা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।
উপকূলের মানুষের প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নদী ও পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করবে।