
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক আব্দুল মান্নানকে (৩৮) আটক করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবির পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ মহারাজপুর মেলার মোড়ে অবস্থান নেয়। এ সময় যশোরের নওয়াপাড়া থেকে আসা সারবোঝাই ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। আটক ট্রাকচালক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রের দাবি, জব্দ করা সারগুলো গোলাপেরহাটের বিসিআইসি ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। সার জব্দের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা সারসহ ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে